আন্তর্জাতিক আদালত

ইসরায়েলের বিরুদ্ধে মামলায় সমর্থন দিলো বাংলাদেশ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় সমর্থন দিয়েছে বাংলাদেশ। রবিবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সমর্থনের কথা জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধে অন্তর্বর্তী আদেশের জন্য দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে। অন্তর্বর্তী আদেশের আবেদনে গাজায় ইসরায়েলের সব ধরনের সামরিক অভিযান বন্ধে, গাজার সর্বত্র নিরাপদ, পর্যাপ্ত এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার অনুমতি নেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে ওই আবেদনকে সমর্থন জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জেনোসাইড কনভেনশনের সমর্থিত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ জেনোসাইড সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও শাস্তির জন্য ওই কনভেনশনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানায়। এছাড়াও অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্নে জীবন রক্ষাকারী ত্রাণ সহায়তা প্রদানের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হ‌য়, বাংলাদেশ ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারির অবসানের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং একটি দীর্ঘস্থায়ী ও স্থায়ী সমাধানের জন্য আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

ফিলিস্তিনিদের জন্য ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের (জেনোসাইড কনভেনশন) অধীনে সম্প্রতি আইসিজেতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত