কলকাতায় অভিষিক্ত হতে যাচ্ছেন চিত্রনায়িকা বুবলী। ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। এরইমধ্যে ছবিটি নিয়ে গতকাল রবিবার দক্ষিণ কলকাতার সাউথ সিটিমলে সংবাদ সম্মেলন হয়ে গেল। সেখানে উপস্থিত হয়েছিলেন সিটি অফ জয়ের গণমাধ্যমকর্মীরা।
আর প্রথমবার সীমানা পেরিয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখী হলেন দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনয়শিল্পী শবনম ইয়াসমিন বুবলী। এ সময় তার সঙ্গে ছিলেন টালিউডের আলোচিত অভিনেতা সৌরভ। ছিলেন নির্মাতা রাশেদ রাহাসহ অন্যান্য কুশীলবরাও।
সামাজিক মাধ্যমে সংবাদ সম্মেলনের বেশকিছু ছবি প্রকাশ করে বুবলী কলকাতার গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, আমাকে সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য কলকাতার সম্মানিত সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা এই ভালোবাসা ও সম্মান জানানোর জন্য।
জানা গেল থ্রিলারধর্মী এই ছবির কেন্দ্রে এক লেখক। সেই চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি। ডিকে নামের এক ভবঘুরের ভূমিকায় সৌরভ আর বুবলীর চরিত্রের নাম শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষের জীবন অদ্ভুতভাবে এক বিন্দুতে মিলিত হয়।
নির্মাতা রাশেদ রাহা বলেছেন, ‘‘ছবিতে ‘অঞ্জন’ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। তার বিসর্জন, বিজয়ার পরে দেখেছি। তখন থেকেই গুণমুগ্ধ। এবার সামনে থেকে অভিনয় দেখলাম। পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে একইভাবে কৌশিকদা জনপ্রিয় হতেন। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও বুবলি অসাধারণ। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সেখানে দেখা যাবে একঝাঁক তারকা অভিনেতাকে। তাদের নাম ক্রমশ প্রকাশ্য।’’
জানা গেছে, ইতোপূর্বে কলকাতার বিভিন্ন স্থানে ছবির অধিকাংশ চিত্রায়ন শেষ হয়েছে। বাকি রয়েছে ক্লাইম্যাক্স দৃশ্য। সেটার জন্য আগামী সপ্তাহেই পুরো টিম যাবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে। নির্মাণ শেষে ছবিটি ভারতেই মুক্তি পাবে।
মাত্র দুই উপায়ে ৪০ কেজি ওজন কমিয়েছেন রুনা খান
মারা গেছেন কবি ও গীতিকার জাহিদুল হক