এমবাপ্পের ব্যাপারে কি আগ্রহ হারিয়ে ফেললো রিয়াল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:০৭ পিএম

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরুর আগ থেকেই কিলিয়ান এমবাপের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় গত দুই মৌসুমের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদের নামই উঠে এসেছে সবচেয়ে বেশি। পিএসজির এই ফরোয়ার্ডকে রিয়াল এক সপ্তাহ বা দুই সপ্তাহ সময় দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য বা দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে, এরকম নানা খবর শোনা গেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রবিবার বার্সেলানাকে গুঁড়িয়ে শিরোপা জয়ের পর সরাসরিই প্রশ্নটি ছুটে গেল রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের দিকে। কিন্তু সেই প্রশ্নকে খুব একটা পাত্তা দিলেন না তিনি।
'এসব নিয়ে কথা বলার দিন আজকে নয়। আজকের দিনটি হলো আমার ফুটবলারদের অভিনন্দন জানানোর দিন, অন্য দলের কাউকে নিয়ে কথা আজ নয়।'
সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারায় রেয়াল। প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন ভিনিসিউস জুনিয়র, ব্রাজিলের প্রথম ফুটবলার হিসেবে তিনি বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করলেন রিয়ালের জার্সি গায়ে। দ্বিতীয়ার্ধে গোল করেন আরেক ব্রাজিলিয়ান রড্রিগো।
এর আগে সেমিফাইনালে ৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল ৫-৩ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদকে। গোল করার জন্য এমবাপের মতো কারও অপেক্ষায় যে তারা কাতর নয়, সেটিই হয়তো পরের কথায় বুঝিয়ে দিতে চাইলে রিয়াল প্রেসিডেন্ট
'সবশেষ দুই ম্যাচে আমরা ৯ গোল করেছি। রিয়াল মাদ্রিদের সমর্থকদের মনোযোগ নিশ্চিতভাবে এই ফুটবলারদের দিকেই। তাকিয়ে দেখুন ওদের দিকে, কতটা খুশি ওরা।' 
পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমেই। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি থেকে শুরু করে ক্লাব সংশ্লিষ্ট সবাই বারবারই বলেছেন, ফরাসি তারকাকে ধরে রাখতে তারা মরিয়া। এমবাপে কিছুদিন আগে বলেছেন, এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত