নিজস্ব জনরার বাইরে গিয়ে ফের নতুন কিছু নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। নিয়ে আসছেন নতুন সিরিজ, নাম ‘টিকিট’। আগামী ২৫ জানুয়ারি এটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে।
এরমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজটির ফার্স্টলুক। যেখানে দেখা গেছে সিয়াম আহমেদ, মনোজ প্রামাণিক ও সাফা কবিরকে। তবে প্রত্যেকের লুকেই ছিল নতুনত্ব এবং ভিন্নতা। স্যাটায়ার, ব্ল্যাক কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত ৬ পর্বের এই সিরিজটিতে প্রত্যেককেই নতুন রূপে দেখা যাবে বলে জানা গেছে।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি ঠিক যেরকম জনরা নিয়ে কাজ করি এটা তার থেকে আলাদা। এটা স্যাটায়ার, ব্ল্যাক কমেডি এবং থ্রিলারের মিশেল। কমেডি জনরা নিয়ে কাজ করিনি তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। দর্শকরা মজা পাবেন। প্রত্যেকটি চরিত্রকেই একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাদেরকে আগে কেউ এভাবে দেখেনি। প্রত্যেকেই বেশ ভালো করেছেন।’
কাজটি প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘ভিকির সঙ্গে আমার ক্যারিয়ারের শুরুর দিকে কাজ হয়েছিল। এরপর অনেকবারই আমরা একসঙ্গে আসতে চেয়েছিলাম, কথাবার্তাও হয়েছিল কিন্তু কোনো কারণে সেটি আর হয়ে উঠেনি। অনেকদিন পর সেটা হচ্ছে। গল্প এবং চরিত্র দারুণ। এখানে আমার যে চরিত্র সেটা নিয়ে প্রথমে আমি বেশ কনফিউজড ছিলাম, আদৌ সেটা আমি করতে পারব কি না। বেশ ইন্টারেস্টিং একটা চরিত্র। টিজার-ট্রেলার আসুক তারপর সেটা নিয়ে বিস্তারিত বলা যাবে।’
