পিএসসি এবং এনএসইউ’র মধ্যে সমঝোতা সই

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম

পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মধ্যে শিক্ষা, গবেষণা ও স্মার্ট পুলিশিং-সহ সংশ্লিষ্ট বিষয়াদি পরিচালনা করার নিমিত্তে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) পিএসসি’র কনফারেন্স কক্ষে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

পিএসসি’র পক্ষে রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 

পিএসসি’র রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, শিক্ষাবিদ এবং পেশাজীবীগণের মধ্যে শিক্ষা, গবেষণাসহ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে পুলিশ কর্মকর্তারা উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে জনসেবায় আত্মনিয়োগ করার ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। 

এছাড়াও অপরাধ মোকাবিলায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভে সক্ষম হবে। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং উন্নত, সমৃদ্ধ বাংলাদেশকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য স্মার্ট পুলিশিং কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। 

এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, উভয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ বৃদ্ধি করে ফলিত গবেষণা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। অপরাধের ক্ষেত্র প্রতিনিয়ত পরিবর্তন হওয়ায় অপরাধীরা তাদের কাজের ধরন পরিবর্তন করছে। এমতাবস্থায় শিক্ষাবিদ ও পুলিশ পেশাজীবীদের মধ্যে কাজের সমন্বয়ের জন্য এ ধরনের চুক্তি কাঙ্খিত ছিল। আগামী দিনে আমাদের কাজের পরিধি বহুলাংশে বৃদ্ধি পাবে এ প্রত্যাশা করছি। 

রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগের সাথে সংশ্লিষ্ট উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উপাচার্যসহ উপস্থিত সকল শিক্ষাবিদ ও কর্মকর্তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মো. রেজাউল হক, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. নরম্যান সোয়াজো, পরিচালক (বৈদেশিক বিষয়) ড. ক্যাথরিন লি, সহকারী পরিচালক (বৈদেশিক বিষয়) ড. হাসানুজ্জামান প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত