হোটেলের টয়লেটে পড়ে ছিল প্রকৌশলীর মরদেহ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ এএম

রাজধানীর নয়াপল্টনে হোটেল দ্যা ক্যাপিটাল থেকে বিআইডব্লিউটিসি এর এক নির্বাহী প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত আব্বাস উদ্দিন (৫৫) কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আব্দুল খালেকের ছেলে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, আব্বাস উদ্দিন চট্টগ্রাম সদরঘাটের বিআইডব্লিউটিসি এর নির্বাহী প্রকৌশলী। অফিসের কাজে গত ১৩ই জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। ওইদিনই নয়া পল্টন ভিআইপি রোডের হোটেল দ্যা ক্যাপিটালের ৩০৪ নম্বর রুমে উঠেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই আরও জানান, মঙ্গলবার দুপুরে তার হোটেল ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে তার কোনো  সাড়াশব্দ না পেয়ে তার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে হোটেল কর্তৃপক্ষ। ফোনেও পাওয়া যাচ্ছিল না তাকে। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন। রাত বারোটার দিকে হোটেলটির রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে।

অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত