রাজধানীর কাকরাইল মোড়ে বাস ধাক্কায় মোকলেসুর রহমান (৭৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। এছাড়া হাতিরঝিলে প্রাইভেটকার ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাসিদুল মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু সৌরভ হোসেন (২৯)। বুধবার দিবাগত রাতে এই পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মুখলেসুর রহমানের ছেলে শরীফ ইবনে রহমান জানান, তাদের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলায়। বর্তমানে সবুজবাগ বাসাবো মুগদাপাড়া এলাকায় থাকেন। তার বাবা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। পাশাপাশি তিনি পুরান পল্টনে চেম্বারে বসতেন।
তিনি জানান, বুধবার রাত আটটার দিকে তার বাবা কাকরাইলে যান ব্যক্তিগত কাজে। সেই কাজ শেষ করে আবার পুরান পল্টন তার চেম্বারে যাওয়ার জন্য বের হন। কাকরাইল মোড়ে দাঁড়িয়েছিলেন রিকশার জন্য। এমন সময় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মোড় ঘোরানোর সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর উঠিয়ে দেয়। এতে তার বাবা গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সৌরভ হোসেনের স্ত্রী ইসরাত জাহান জানান, সৌরভ হোসেন এবং তার বন্ধু জাসিদুল মিয়া হাতিরঝিল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে সৌরভের নিজের মোটরসাইকেলে করে জাসিদুলকে নিয়ে তারা স্থানীয় থানায় যাচ্ছিলেন একটি কাজে। এমন সময় হাতিরঝিলে একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জাসিদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর সৌরভকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। স্বজনরা জানান, রাশিদুলের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পুরানগাঁও গ্রামে। বাবার নাম মহিউদ্দিন।
