বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. মো. শৌকত আকবর কে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই নিয়োগ প্রদান করা হয়। ড. মো. শৌকত আকবরকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদানের পূর্বে পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
চেয়ারম্যান পদে যোগদানের পূর্বে ড. মো. শৌকত আকবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
কমিশনে তার ২৫ বছরের বেশী বর্ণাঢ্য কর্মজীবনে পারমাণবিক শক্তি ও জ্বালানি, পারমাণবিক প্রকৌশল, প্রকল্প ব্যবস্থাপনা ক্ষেত্রগুলিতে ড. মোহাম্মদ শওকত আকবরের অসামান্য অবদান রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিতে স্নাতক(সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাপানের হোক্কাইডো ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন।
ড. আকবর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য প্রতিষ্ঠিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লি. (এনপিসিবিএল)-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
ডক্টর আকবর ৩৫ বছর বয়সে NPED-এর দায়িত্ব গ্রহণ করে বাপশক-তে সর্বকনিষ্ঠ বিভাগীয় প্রধান হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি কমিশনের নিউক্লিয়ার সেফটি অ্যান্ড রেডিয়েশন কন্ট্রোল ডিভিশন (NSRC) এবং NPED তে কাজ করার সময় ড. এম এ ওয়াজেদ মিয়া, অধ্যাপক ড. নইম চৌধুরী এবং ড. সি এস করিমের মতো বিখ্যাত পরমাণু বিজ্ঞানীদের সাথে কাজ করার বিরল সুযোগ পেয়েছিলেন। তার সমৃদ্ধ অবদান জাতীয় এবং আন্তর্জাতিক উভয় পেশাদার, একাডেমিক এবং সংস্থা দ্বারা স্বীকৃত হয়েছে।
ড. আকবর ১৯৬৬ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালের জানুয়ারিতে কমিশনে একজন বিজ্ঞানী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি সবসময় বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির উন্নয়ন ও প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থেকেছেন। এনপিইডির প্রধান হিসেবে নিয়োগের পর থেকে তিনি দেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ২০০০ সালে কোরিয়ায় গবেষণা বিজ্ঞানী হিসাবেও কাজ করেছিলেন। ডঃ আকবর ২০০২ সাল থেকে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ অবকাঠামো এবং পারমাণবিক প্রকল্পের উন্নয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত IAEA-এর প্রায় সমস্ত TC এবং RCA প্রকল্পের জন্য ওয়ার্কিং গ্রুপ, ফোকাল পয়েন্ট এবং কাউন্টার পার্টসের সদস্য হিসাবে IAEA কার্যক্রমে অবদান রেখে চলেছেন। বাংলাদেশের এনপিপি উন্নয়নের জন্য IAEA-এর অনন্য সমন্বয়কারী।
সম্প্রতি ডক্টর আকবরকে ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সির (IAEA) একটি কারিগরি কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি IAEA-এর পারমাণবিক শক্তি অবকাঠামোর টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপে (TWG-NPI) চার বছরের মেয়াদে কাজ করবেন। IAEA-এর মতে, পারমাণবিক শক্তি অবকাঠামো সংক্রান্ত প্রযুক্তিগত ওয়ার্কিং গ্রুপ হল বিশেষজ্ঞদের একটি দল যা জাতীয় পারমাণবিক শক্তি কর্মসূচির উন্নয়ন ও বাস্তবায়নের সমর্থনে IAEA-কে পরামর্শ প্রদানের জন্য গঠিত।
ড. আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ৩০ টিরও বেশি M.Sc এর সুপারভাইজার ছিলেন। বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০ জন গবেষকের পিএইচডি গবেষণা কার্যক্রম তত্ত্বাবধান করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে প্রায় ১৩০টি বেশি গবেষণাপত্র উপস্থাপন করেন । জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় ৬০টি প্রকাশনা রয়েছে। কর্মজীবনে তিনি জাপান, কোরিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ফ্রান্স, অস্ট্রিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, আবুধাবি (ইউএই), রাশিয়া এবং বেলারুশ সফর করেছেন।
