অটুট বন্ধুত্ব মৃত্যুতে মলিন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন ৪ বন্ধু। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় তাদের মধ্যে ছিল অটুট বন্ধুত্ব। এক সঙ্গে চলাফেরা করা চার বন্ধুর দুর্ঘটনাতে একই সঙ্গে মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে মেহেদী হাসান তমাল, একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল পাল, কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের আহসান, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।

শুক্রবার রাতে প্রাইভেট কার নিয়ে জাফলংয়ের উদ্দেশে বের হন তারা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রাইভেট কারটি। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রাজু আহমদ চার বন্ধু সম্পর্কে জানান, চারজনই একঙ্গে চলাফেরা করত। তারা ভালো বন্ধু ছিল। মৃত্যুও চার বন্ধুকে আলাদা করতে পারেনি। নিহতদের তিনজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাদের মধ্যে নেহাল পাল সিলেট সরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষে এবং মেহেদী হাসান ও আলী হোসেন জৈন্তাপুর ডিগ্রি কলেজে পড়ত। এ ছাড়া জুবায়ের আহসান প্রায় এক বছর আগে বিয়ে করায় তিনি রাজনীতিতে সক্রিয় ছিল না।

জানা গেছে, সম্প্রতি জুবায়ের আহসান একটি প্রাইভেট কার কিনেছিলেন। সেটি নিয়েই তারা শুক্রবার রাতে জৈন্তাপুর থেকে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। সিলেট-তামাবিল মহাসড়কের বাংলাবাজার এলাকায় পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে উল্টে যায়। এতে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার দুপুর দুইটার দিকে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয় জৈন্তাপুর উপজেলার রাজবাড়ি মাঠে। পরে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে। অন্যদিকে বাড়ির পাশেই নেহাল পালের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় চার বন্ধু প্রাণ হারান। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত