দেশের ২২টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আজ সোমবার (২২ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলা এবং রংপুর বিভাগের ৮টি জেলা ও রাজশাহী বিভাগের ৮টি জেলাসহ মোট ২২টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে আজ মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। তবে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও বদলগাছীতে ৮.১ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া ১০ ডিগ্রি সেলসিয়াস ও এর নিচে তাপামাত্রার মধ্যে রাজারহাটে ৮.৪, সৈয়দুপুরে ৮.৮, ডিমলায় ৮.৮, টাঙ্গাইলে ৮.৯, বগুড়ায় ৯.১, ঈশ্বরদীতে ৯.২, চুয়াডাঙ্গায় ৯.৫, যশোর ও কুমারখালীতে ৯.৮, মাদারীপুরে ৯.৯, রাজশাহী ও নিকলিতে ১০.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
