বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, মানুষের ঐক্য ও ন্যায়ের শক্তির কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না। সুতরাং সরকারকে বলবো গণতন্ত্রের পথে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দিন। না হলে পরিণতি ভালো হবে না। আজ সোমবার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, গুলি, বন্দুক ও টিয়ারগ্যাস দিয়ে মানুষকে পরাভূত করা যাবে। কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। গত ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়নি। যা বিশ্বের সকল গণমাধ্যমে বলা হয়েছে। তবুও সরকার বুঝতে পারছেনা যে, তাসের ঘরের মতো তারা কখন ধ্বসে যাবে!
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেনা। তারা একটি দলের সরকার এবং লগি-বৈঠার রাজনীতি করে। তারা দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রেখেছে। তারা সংবিধানের কথা বলে প্রতারণা করে যাচ্ছে। উন্নয়ন দিয়ে জনগণের মন ভুলিয়ে রাখা যায় না।
তিনি আরও বলেন, কোন সংবিধানে লেখা আছে যে, আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ সরকার কুক্ষিগত করতে পারবেন?
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নব্য বাকশালের মূলোৎপাটনে শহীদ জিয়ার রাষ্ট্রদর্শন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
