পার্বতীপুরে প্রাথমিক স্কুল বন্ধ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ এএম

ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে দিনাজপুরে পার্বতীপুরে আগামী দুই দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। আজ সোমবার জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার ও বুধবার (২৩ ও ২৪ জানুয়ারি) দুই দিন স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দিনাজপুর জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় জেলার পার্বতীপুর উপজেলার ২০৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার ও বুধবার পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

দিনাজপুরে চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে। দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে না আসা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের সব শ্রেণির পাঠদান বন্ধ রাখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত