বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। এবার পেলেন আরেকটি বড় স্বীকৃতি। নারীদের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিলেন বাঁহাতি এই স্পিনার।
২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল আজ ঘোষণা করেছে আইসিসি। নারী দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। দুইজন আছে নিউজিল্যান্ডের। আর একজন করে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে।
নাহিদা গেল বছর ওয়ানডেতে নিয়েছেন ২০ উইকেট। ২০২৩ সালে নারী ক্রিকেটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে রাখেন ভূমিকা। নেন ৭ উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচ টাই হলে সুপার ওভারেও দারুণ বল করেন নাহিদা। পাঁচ বলে নিয়েছিলেন দুই উইকেট। তৃতীয় ম্যাচে নাহিদা নিয়েছিলেন ৩ উইকেট। তাতে ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জিতেছিল ২-১ এ।
ভারতের বিপক্ষে সিরিজে নেন ৬ উইকেট।
আইসিসি বর্ষসেরা নারী একাদশ:
ফিবি লিচফিল্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি (কিপার), ন্যাট শিভার-ব্রান্ট, অ্যাশ গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার
