টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও একজন৷ বুধবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার শহর গোপিনপুর চেচুয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার সরিষাআটা গ্রামের অটোরিকশার যাত্রী মোস্তফা(৪০) ও অটোচালক দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আবু তালেব (৪৬)। আহত অপরজন হলেন, জোরদিঘী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী সাহেদা বেগম (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি যাত্রীবাহী অটোরিকশা উপজেলার ধলাপাড়া থেকে আষারিয়াচালা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা লেবুভর্তি একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙ্গেচুরে যায়। পিকআপটি পালিয়ে যায়। এতে অটোরিকশা চালকসহ সকল যাত্রী আহত হলে স্থানীয় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় যাত্রী মোস্তফা মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান অটোচালক আবু তালেব। এ ঘটনায় সাহেদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
