‘আমি কি তোর আপন ছিলাম নারে জরিনা’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম

প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী কুটি মনসুরের সপ্তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৪ জানুয়ারি)। ২০১৭ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলা গানের এই অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

১৯২৬ সালে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার লোহারটেক গ্রামে জন্মগ্রহণ করেন সত্তর ও আশির দশকে বাংলাদেশের আধুনিক বাংলা গানের পরিচিত নাম কুটি মনসুর। ‘আমি কি তোর আপন ছিলাম নারে জরিনা’, ‘আইলাম আর গেলাম পাইলাম আর খাইলাম, ভবে কিছুই বুঝলাম না’, ‘কে বলে মানুষ মরে’, আমার তালাশ নিক বা না নিক সই আমি তারে তালাশ করি’সহ অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন তিনি।

তার কথা ও সুরে গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, দিলরুবা খান, নীনা হামিদ, রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর, ইন্দ্রমোহন রাজবংশী, ফিরোজ সাঁই, কিরণ চন্দ্র রায়, মুজিব পরদেশী, মমতাজ, ডলি সায়ন্তনী, মীনা বড়ুয়া, এম এ মতিন, জানে আলম, রবি চৌধুরী, মনির খান, শুভ্র দেব প্রমুখ।

প্রায় ৬০ বছরের সংগীতজীবনে পল্লীগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথিপাঠ, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদ–নাত, ইসলামী বিষয়ে প্রায় আট হাজার গান লিখেছেন কুটি মনসুর। ‘আমার বঙ্গবন্ধু, আমার ৭১’ নামে একটি বইও আছে তার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত