ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কয়েকজন কর্মকর্তা জড়িত এমন অভিযোগ ওঠায় সংস্থাটির অর্থায়ন স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইতালি।
শনিবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি ও আল জাজিরা।
শুক্রবার ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি এক বিবৃতিতে জানান যে, “গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএর কয়েকজন কর্মকর্তা জড়িত, তাদের কাছে এমন অভিযোগ জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।“
তিনি আরও বলেন, “ইসরায়েলের এমন অভিযোগের পরপরই সংস্থাটির বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এং তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।“
বিবিসি জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষের এমন অভিযোগের পর ইউএনআরডব্লিউএকে অর্থ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইসরায়েলের এ অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে দেশটি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিত করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই একই ধরনের ঘোষণা দিয়েছে কানাডাও।
কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় নিন্দা জানিয়েছে কানাডা। এ হামলার সঙ্গে ইউএনআরডব্লিউএর কয়েকজন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার পর ইউএনআরডব্লিউএকে তহবিল স্থগিতের কথা জানিয়েছে ইতালিও।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, ‘মিত্র দেশগুলো সম্প্রতি একই সিদ্ধান্ত নিয়েছে। আমরা ফিলিস্তিনি জনসংখ্যার জন্য মানবিক সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তাও রক্ষা করে চলি।‘
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলছে যে, ইসরায়েল ইউএনআরডব্লিউএ সহ জাতিসংঘ সংস্থাগুলির বিরুদ্ধে "উস্কানিমূলক প্রচারণা" চালাচ্ছে এবং গাজাতে তাদের কার্যক্রম বন্ধ করতে চায়।‘
ব্যাপকভাবে বন উজাড় করছে বিদেশী কোম্পানিগুলো