ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হওয়ায় তাকে সোনার নৌকা উপহার দিয়েছে বোয়ালমারী পৌর আওয়ামী লীগ।
আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর হাতে সোনার এ নৌকা তুলে দেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আকবর ও এমএ মতিন।
বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পৌর বাস টার্মিনাল চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান আবেগাপ্লুত হয়ে বলেন, আজ এক ভিন্ন পরিচয়ে আপনাদের সামনে এসেছি। একজন রাজনৈতিক কর্মী দলের দ্বায়িত্ব পায়, তারপরে সেই দল যখন ক্ষমতায় যায় সেই ক্ষমতার একজন অংশীদার হওয়া ভাগ্যের ব্যাপার।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা বলেছিল জনগণ ভোট দিতে আসবে না। সবকিছু মিথ্যা পরিণত করে ৭ তারিখে জনগণ ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে পেরেছে। ওদের কথা ঠিক হয়নি। সামনে আরো নির্বাচন আছে। সেই নির্বাচনে আপনারা আসেন। সেই নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীরাই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে।
তিনি বলেন, আমি প্রতিহিংসায় বিশ্বাস করি না। যারা আমাকে ভোট দিতে পারেন নাই তাদের প্রতিও আমার কোনো আক্ষেপ নাই। নির্বাচন পূর্ববর্তী যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে একটা কাতারবদ্ধ উন্নয়নের মহাযজ্ঞ আমি বাস্তবায়ন করতে চাই। তাই বলে আমার যেই কর্মীরা শীতের রাতে জেগে জেগে আমাকে ফোন বলেছে, আপনার জন্য কেন্দ্র পাহারা দিচ্ছি, তাদের কখনো ভুলব না।
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা।
গণসংবর্ধনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ, বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী প্রমুখ।
