প্রথমবারের মত ভারতের মাটিতে স্টেজ পারফর্ম করলেন হলিউডের জনপ্রিয় পপ তারকা ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। সঙ্গে ছিলেন তার দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসও। শনিবার রাতে গান গেয়ে দর্শক মাতান ‘জোনাস ব্রাদার্স’।
এসময় লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে জোনাস ব্রাদার্সের কনসার্টে নজর কাড়লেন তাপসী পান্নু। মঞ্চে যখন গলা ছেড়ে গাইছেন নিক জোনাস, তখন দর্শক-শ্রোতাদের ভিড়ে মন্ত্রমুগ্ধ তাপসী। বলিউড নায়িকাকে উদ্দাম নাচও করতে দেখা গেল জোনাস ভাইদের গানের তালে। সেই মুহূর্ত নিজেই সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রী। পরনে মিনি ডেনিম ড্রেস। খোলা চুল। হাতে আইসক্রিম নিয়ে দিব্যি গান উপভোগ করতে দেখা গেল তাপসীকে।
লোলাপালুজাতে নিক জোনাসের গানে যে বেশ মজেছিলেন তাপসী, তা সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে। তা দেখেই অনুরাগীমহলের রসিকতা, ‘প্রিয়াঙ্কা না আসার সুযোগেই কি নিক জোনাসের কনসার্টে মজলেন তাপসী?’ তবে অনুরাগীরা যাই বলুন না কেন, তাপসী কিন্তু কনসার্টে নিজের ছবি পোস্ট করেই বলে দিয়েছেন যে, ‘জামাইবাবু মঞ্চে রয়েছেন।’
প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়া এলেও ‘বিদেশি জামাইবাবু’র অতিথি আপ্যায়নে কোনও কমতি রাখে নি বলিউড। কনসার্ট চলাকালীন শ্রোতা অনুরাগীরা জামাইবাবু, জামাইবাবু বলে চিৎকার করতে থাকেন। যা শুনে নিক খানিক লজ্জাও পান!
লাইভ কনসার্ট শেষ করে ‘জোনাস ব্রাদার্স’ রাতে বিটাউনের সেলেবদের নিয়ে পার্টিও করেন। সেখানে হাজির ছিলেন মালাইকা অরোরা, স্বামী আনন্দ আহুজাকে নিয়ে সোনম কাপুর, আশান খট্টর, দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে অদিতি রাও হায়দরি, ভূমি পেডনেকর, ওরি, মালাইকা অরোরা-সহ আরও অনেকে।
