জিরো থেকে হিরো হার্টলি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩৩ পিএম

বাঁ-হাতি অফ স্পিনার টম হার্টলি ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে সুযোগ পেয়েছিলেন ভারত সফরের ইংল্যান্ড দলে। ২০ ম্যাচে তার উইকেট ছিল ৪০টি। হায়দরাবাদে টেস্ট অভিষেকের প্রথম বলেই খান ছক্কা। প্রথম ইনিংসে নিয়েছিলেন মাত্র দুই উইকেট। সেই হার্টলিই দ্বিতীয় ইনিংসে নিলেন ৭ উইকেট। তাতে ইংল্যান্ড পেল ২৮ রানের স্মরণীয় এক জয়।

হাটর্লির টেস্ট অভিষেক এক কথায় প্রকাশ করতে হলে বলতে হবে 'জিরো থেকে হিরো'। ইংল্যান্ডের একমাত্র বোলার হিসেবে অভিষেক টেস্টে প্রথম বলে ছক্কা খাওয়ার পর, মোট ২৫ ওভার বল করে ওভার প্রতি ৫.২৪ রান দিয়ে মাত্র দুই উইকেট নেন। এমন পারফরম্যান্সে অনেকে করেছিলেন সমালোচনা। তবে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার হার্টলি নিজেকে প্রমাণ করলেন দ্বিতীয় ইনিংসে।  

হার্টলি বলেন, 'এটি অবিশ্বাস্য। আমি খুবই খুশি। এটা কষ্টের ফল। অত্টা বাঁক খায়নি যতটা আমরা ভেবেছিলাম। সতীর্থ থেকে কোচেরা এবং স্টোকস আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এটি দুর্দান্ত।'

ব্যাট হাতেও দলকে সহায়তা করেছেন হার্টলি। প্রথম ইনিংসে ২৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৩৫ রান। তাতে দ্বিতীয় ইনিংসে নবম উইকেটে ৮০ রানের জুটি গড়েন পোপ-হার্টলি। হার্টলি বলেন, 'আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে ব্যাটে রান পাওয়াটা সাহায্য করে আত্মবিশ্বাসী হতে। পিচ সম্পর্কে কিছু ধারণা নিতে পেরেছি (ব্যাটিংয়ের সময়)। বুঝেছি যতটা জোরে মনে করেছিলাম সেভাবে বল করতে হবে না। সময় নিয়ে বল করতে হবে।'

ম্যাচে মোট ৯ উইকেট নেন হার্টলি। ১৯৩৩ সালের পর হার্টলির ৭/৬২ ইংল্যান্ডের স্পিনার হিসেবে অভিষেক টেস্টে সেরা বোলিং ফিগার (ইনিংসে)। ১৯৩৩ সালে জেমস ল্যানগ্রিজ উইন্ডিজের বিপক্ষে ৫৬ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত