অবশেষে নরসিংদী সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষককে বদলি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তাকে বদলির আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সরকারি মাধ্যমিক শাখা এর সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারকে কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরবর্তী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিভিত্তিক পদায়ন করা হয়েছে। 

আজ সকালে ২য় দিনের মত একদল শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।  এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটক তালা দিয়ে বন্ধ করে ক্লাস বর্জন করছে। তবে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেয়া হয়। পরে প্রধান শিক্ষকের বদলির খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে  প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও প্রধান শিক্ষকের অসৌজন্য মূলক আচরণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের পদত্যাগের দাবিতে স্কুলে এবং নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত