সিসিইউতে বসে চিকেন স্যান্ডউইচ খেতে চাইলেন সুমন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম

শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান সংগীতশিল্পী কবীর সুমন। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের সিসিইউতে ভর্তি রয়েছেন তিনি। গতকাল রাতে সুমনকে খাবার দেওয়া হলে তিনি চিকেন স্যান্ডউইচ ছাড়া অন্য কিছু খেতে চাননি। চিকিৎসকদের সম্মতিতে তাকে রাতের খাবারে স্যান্ডউইচ খাওয়ানো হয়। খবর আনন্দবাজারের। 

হাসপাতালের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, পঁচাত্তর বছর বয়সি এই শিল্পীর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও সঙ্কট কাটেনি। সুমনের ফুসফুসে সমস্যা রয়েছে। হৃদ্‌যন্ত্রেও একাধিক সমস্যা রয়েছে। তার রক্তে শর্করার পরিমাণও অনিয়ন্ত্রিত বলে জানা গেছে। উচ্চরক্তচাপজনিত সমস্যাও রয়েছে তার। এখনও সুমনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার চিকিৎসায় হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, ফুসফুস রোগ বিশেষজ্ঞ এবং ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে সোমবার বিকেলে নিজেই নিজের শারীরিক পরিস্থিতির খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন সুমন। সেখানে তিনি লেখেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি।’ একই সঙ্গে অনুরাগী এবং হিতাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে তিনি লেখেন, ‘শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত