নাটকীয়তার অবসান, ঝাড়খণ্ডের ‘নিখোঁজ’ মুখ্যমন্ত্রীকে দেখা গেল হাসিমুখে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

পূর্বভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ‘পাওয়া যাচ্ছে না’,এই দাবি করেছিল ভারতীয় আর্থিক দুর্নীতি তদন্ত সংস্থা ইডি। কিন্তু এই দাবির ৩০ ঘণ্টার মধ্যে পৈতৃক বাড়িতে দেখা গেল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে।

এমন নাটকীয়তার খবর প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইডি প্রায় একদিন ধরে হেমন্ত সরেনের দেখা পায়নি বললেও ঝাড়খণ্ডে বাসভবনে সরকারি গাড়িতেই হাসিমুখে তাকে ঢুকতে দেখেছে সাংবাদিকরা।

আরেক সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ইডি নিখোঁজ দাবি করলেও ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে হেমন্ত সরেনকে পৈতৃক নিবাসে দেখা গেছে। এখানে মুখ্যমন্ত্রী তার বাবা শিবু সরেনের সাথে দেখা করতে এসেছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) জানায়, গত রবিবার রাতে চার্টার্ড বিমানে করে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির সরকারি বাসভবন থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন হেমন্ত। এরপর থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, জমি কেলেঙ্কারি মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে হেমন্ত সরেনের বিরুদ্ধে। গতকাল সোমবার সকাল থেকেই হেমন্তর দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় ইডির কর্মকর্তারা। অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথি, নগদ ৩৬ লাখ রুপি ও বিএমডাব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি।

আর্থিক দুর্নীতির মামলায় ইডি হেমন্ত সোরেনকে ৯ বার তলব করেছে। প্রতিবারই তিনি এড়িয়ে গেছেন। শনিবার তাঁকে নতুন করে তলব করে ইডি। ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হেমন্তকে দিল্লির ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। কোনো সাড়া না পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত