ভারত সীমান্তে বিজিবি সদস্য সিপাহি মো. রইশুদ্দীনের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান।
সেহেলী সাবরীন এক প্রশ্নের উত্তরে বলেন, গত ২৪ জানুয়ারি সীমান্তে বিজিবির সিপাহি রইস উদ্দিনের নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় বিএসএফ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে লক্ষ্যে এক যোগে কাজ করবে বিজিবি-বিএসএফ।
এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এবং প্রত্যাবাসনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের আসন্ন ভারত সফরে কী কী বিষয় গুরুত্ব পাবে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সফরটিই হবে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। এই সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্প্রসারণ, কানেক্টিভিটি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেসব বিষয় প্রাধান্য পাবে।
তিনি বলেন, তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা হবে বলে আশা করছি। তিস্তা নিয়ে চীনের প্রস্তাবিত প্রকল্পের বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না তা এই মুহূর্তে এভাবে বলা যাচ্ছে না। যদি ভারত এ ব্যাপারে আমাদের কাছে কিছু জানতে চায়, তখন আমরা বিষয়টি ভেবে দেখব বলে জানান তিনি।
‘প্রধান শিক্ষকের কক্ষের সামনে দিয়ে কোনো ছাত্রী হেঁটে গেলে ডেকে নেন’
‘রাজকুমার’ এ অন্য এক শাকিব