অতিরিক্ত মদপানে বিয়ের পরদিন বরের মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম

অতিরিক্ত মদ্যপানে বিয়ের পরদিন এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সৌরভ সাহা (৩০)। গায়ে হলুদের রাতে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা মালোপাড়ায় নিজেদের বাড়িতে মদ্যপান করেছিলেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার সিরগ্রাম এলাকার গৌরাঙ্গ সাহার ছেলে সৌরভ। পরিবার নিয়ে ঢাকার জিনজিরা মালোপাড়ায় থাকতেন। পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি।

হাসপাতালে তার স্বজনরা জানান, পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়। ৩০ জানুয়ারি জিনজিরার বাসায় তার গায়র হলুদ হয়। সেই রাতে বন্ধুদের সঙ্গে মদপান করেছিলেন সৌরভ। এর পরদিন বুধবার বরযাত্রী নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যান কনের বাড়িতে। সেখানে বুধবার রাতে তাদের বিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।

স্বজনরা জানান, আজ বৃহস্পতিবার বউ নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। তবে সকালে ঘুম থেকে উঠেই অসুস্থতার কথা জানান সৌরভ। তখন স্বজনরা তাকে মুকসুদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসা শেষে তাকে আবার ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে সেই বাড়িতে যাওয়ার পর অবস্থার অবনতি হতে থাকে। তখন স্বজনরা তাকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃত সৌরভের বাবা এবং স্বজনরা জানিয়েছেন, গায়ে হলুদের দিন মদপান করেছিলেন সৌরভ। অতিরিক্ত সেই মদপানেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে অবগত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত