মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে তিন শিশু সন্তানসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে তাদের আটক করা হয়।
তারা হলেন, মিয়ানমারের মুংডু জেলার ভৌগনী গ্রামের হোসেন আলীর ছেলে মো. রহমত উল্লাহ (৩০), তার স্ত্রী সাজেদা (২৫), ছেলে হায়াতুন নূর (৫), জোনাইদ (৩) ও মেয়ে আমাত নুর (১)।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মতে, সোমবার সকাল থেকে মিয়ানমারের ওপারে ব্যাপক গোলাগুলি শুরু হয়। স্থলপথে গোলাগুলির সঙ্গে হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে গুলি। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের দখল করে নেওয়া অঞ্চল উদ্ধার করতে হামলা চালাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী। সীমান্তজুড়ে তীব্র গোলাগুলির আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন স্থানীয় লোকজন। এরই মধ্যে কাঁটাতার ডিঙ্গিয়ে উলুবনিয়া সীমান্ত পার হয়ে একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকে পড়লে বিজিবির সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন।
হোয়াইক্যং এলাকার বাসিন্দা মোহাম্মদ ফাহিম বলেন, মিয়ানমারে কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে। এ কারণে কিছু রোহিঙ্গা সীমান্তে অবস্থান করছিল। সোমবার দুপুরের দিকে রোহিঙ্গা পরিবারটি অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও উলুবনিয়া এলাকার বাসিন্দা জালাল আহমেদ বলেন, গোলাগুলির ভয়ে সীমান্ত থেকে লোকজন সরে যাচ্ছেন। এই ফাঁকে একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।
এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ওই সীমান্ত কক্সবাজার-৩৪ বিজিবির অধীন।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়কের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
