আ. লীগকে ক্ষমতায় রাখলে দেশ নিরাপদ থাকবে না: গয়েশ্বর

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৬ পিএম

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখলে দেশ নিরাপদ থাকবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মিয়ানমার ও পশ্চিমবঙ্গের সীমান্তে অস্থিরতা দেখা দিলেও সরকার প্রতিবাদ করতে পারে না। মিয়ানমারের মতো দেশ গুলি করে, এটা কিসের আলামত। রাখাইন থেকে সৈন্যরা এ দেশে আসছে কিসের আলামত? গুলি খেয়ে মানুষ মরছে আর প্রতিবাদ করছে না।

আজ মঙ্গলবার (৬ ফ্রেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, সরকারের রাজত্ব জনগণই ভেঙে ফেলবে। দেশ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, অচিরেই এর জবাব পাবে। সব অপকর্মের জবাব সরকারকে একবারেই দিতে হবে। সরকারের রাজত্বের প্রাসাদ ভেঙে পড়বে। এখন থেকে আর প্রতিবাদ নয় প্রতিশোধ নেওয়া হবে।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সীমান্তে রক্ত ঝরছে, অথচ প্রতিবাদ করতে পারি না। সমস্ত জনগণ রাস্তায় নেমে না আসলে দেশ রক্ষা করা যাবে না। দেশ রক্ষায় সবাই রাজপথে নেমে আসুন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ সদস্য আরিফা সুলতানা রুমা, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত