মোশতাক-তিশাকে ঘিরে বইমেলায় দর্শনার্থীদের ভিড়

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম

অমর একুশে বইমেলায় রাজধানীর আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তিশাকে বিয়ে করে আলোচনায় আসা কিং মোশতাককে ঘিরে দর্শনার্থীদের ভিড় জমাতে দেখা গেছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানে মিজান পাবলিশার্সের সামনে তাদের ঘিরে জটলা দেখা যায়।

এ সময় মোশতাকের লেখা ‘তিশার ভালোবাসা’ এবং ‘তিশা অ্যান্ড মোশতাক’ বই হাতে দেখা যায় দুজনকে। দর্শনার্থীদের অনেকেই বই দুটো সংগ্রহ করে তাদের সঙ্গে কথা বলেন এবং সেলফি তোলেন।

জানতে চাইলে দেশ রূপান্তরকে মোশতাক বলেন, ‘তিশা এবং আমার ভালোবাসা নিয়ে একটি বই ইতোমধ্যে মেলায় এসেছে। আরও একটি কবিতার বই আনার প্রস্তুতি চলছে। পাঠকদের বেশ ভালো সাড়া পাচ্ছি। সবাই আমাদের খুব ভালোভাবে গ্রহণ করছে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকে ভিউ পাওয়ার জন্য আমাকে নেগেটিভভাবে তুলে ধরেন। আমার অনুরোধ থাকবে আপনারা এসব করবেন না।’

এ সময় মোশতাককে ঘিরে দর্শনার্থীরা দুষ্টুমিতে মেতে উঠেন। কয়েকজন যুবক তাকে ‘সুগার ড্যাডি’ বলেও টিজ করেন। তবে এ নিয়ে বিচলিত নন মোশতাক। তার পক্ষে-বিপক্ষে অনেকেই পাশে দাঁড়ান। কেউ কেউ বলেন, ‘ভাইরাল হয়ে মেলায় বই লেখা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।’

এদিকে মেলার সপ্তম দিনেও পাঠক-দর্শনার্থীদের ভিড় ছিল দেখার মতো। তবে বেশিরভাগ পাঠকই ঘুরছেন, ছবি তুলছেন। দর্শনার্থীর তুলনায় বই বিক্রি কম হচ্ছে বলে জানিয়েছেন বিক্রয়কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত