‘বিলাওয়াল প্রধানমন্ত্রী না হলে পিপিপি বিরোধী বেঞ্চে বসুক’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম

পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধানমন্ত্রী করা না হলে তার দল বিরোধী দল হিসেবে সংসদে যেতে পারে। সোমবার (১২ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপকালে পিপিপি নেতা ফয়সাল করিম কুন্দি এ কথা বলেন।

পিপিপির তথ্য ও দপ্তর মুখপাত্র ফয়সাল বলেন, বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী নির্বাচিত না করলে পিপিপির উচিত হবে বিরোধী বেঞ্চে বসা। এমনও হতে পারে তারা প্রধানমন্ত্রী পদে মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কাউকে ভোট দেবেন এবং বিরোধী বেঞ্চে বসবেন।

এর আগে রবিবার ফয়সাল জানিয়েছিলেন, পিপিপি এবং পিএমএল-এনের বৈঠকের আলোচিত বিষয়গুলো পরদিন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে উত্থাপন করা হবে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসন্ন সরকার সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অনেক সমস্যার মুখোমুখি হবে।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ৫৪টি আসনে জিতেছে পিপিপি। ফলে দলটি যাকে সমর্থন দেবেন তিনিই প্রধানমন্ত্রী হতে সক্ষম হবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত