নওগাঁ-২ আসনে জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

স্থগিত হওয়া নওগাঁ-২ ( ধামইরহাট -পত্নীতলা) আসনের নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই কিশোর ধামইরহাট উপজেলার বীরগ্রামের বাসিন্দা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এই তথ্যটি নিশ্চিত করেছেন বস্তাবর দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আরিফুর রহমান।

নওগাঁ -২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে ১২৪টি কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। বেশিরভাগ কেন্দ্রে দেখা যায় নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।

গত ২৯ ডিসেম্বর এক প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনে ৭ জানুয়ারির ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। পরে ১২ ফেব্রুয়ারি স্থগিত আসনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও আরেক স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা অংশ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত