রকেট উৎক্ষেপণে নতুন নিয়ন্ত্রণ পদ্ধতি উ. কোরিয়ার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম

একসঙ্গে একাধিক রকেট উৎক্ষেপণের জন্য নতুন একটি নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবন করেছে উত্তর কোরিয়া। সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশটির বার্তা সংস্থা কেসিএনএ বিষয়টি জানিয়েছে, যা উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে একটি ‘গুণগত পরিবর্তন’ ঘটাবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পিয়ংইয়ংয়ের একাডেমিক অব ডিফেন্স সায়েন্স রকেট উৎক্ষেপণের জন্য একটি ‘নিয়ন্ত্রণযোগ্য শেল এবং ব্যালাস্টিক নিয়ন্ত্রণ ব্যবস্থা’ উদ্ভাবনের ক্ষেত্রে ২৪০-মিমি ক্যালিবারের একাধিক রকেট লঞ্চার শেলগুলোর সফল ব্যালাস্টিক কন্ট্রোল টেস্ট ফায়ারিং চালিয়েছে।

কেসিএনএ বলছে, নতুন রকেট লঞ্চার এখন ‘পুনঃমূল্যায়ন’ করা হবে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে এ ধরনের রকেট লঞ্চারের ভূমিকা বাড়ানো হবে।

পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এ বছর দক্ষিণ কোরিয়াকে তাদের দেশের ‘প্রধান শত্রু’ হিসেবে ঘোষণা করে পুনঃএকত্রীকরণ এবং প্রচারের কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা বন্ধ করে দিয়েছে এবং আঞ্চলিক আইন লঙ্ঘন করে ০.০০১ মিলিমিটারও ভূখণ্ড দখল করা হলে যুদ্ধের হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

দেশটির নেতা কিম জং উন শুক্রবার আবারও বলেছেন, আক্রান্ত হলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করতে কোনো দ্বিধা করবে না। তিনি সিউলকে উত্তর কোরিয়ার ‘সবচেয়ে বিপজ্জনক, এক নম্বর শত্রু রাষ্ট্র এবং চিরশত্রু’ বলে অভিহিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত