সাভারের একটি তৈরি পোশাক কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে সাভার পৌরসভার উলাইল বাসস্ট্যান্ডে অবস্থিত আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানার অন্তত ৩০ জন শ্রমিক এ অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আইনগত বকেয়া পরিশোধ না করে টালবাহানা করছে। এ ছাড়া কর্তৃপক্ষ জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে শুধু সময় দিয়ে ছলচাতুরি করছে। তাই ভুক্তভোগী শ্রমিকরা বাধ্য হয়ে তাদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
ভুক্তভোগী নারী শ্রমিক আম্বিয়া আক্তার বলেন, কারখানা কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই আমাদের হঠাৎ করে ছাঁটাই করেছে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলে কারখানার কর্তৃপক্ষ আইন মেনে আমাদের পাওনাদি পরিশোধ করেনি। আমরা কারখানার গেটে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কেউ যোগাযোগও করেনি। বরং আমাদের গালিগালাজ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম হোসাইন জানান, আনলিমা টেক্সটাইল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করে অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই করেছে। অবিলম্বে শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য তিনি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে ভুক্তভোগী শ্রমিকদের দাবি আদায়ের ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শ্রমিকদের পাওনার বিষয়ে জানতে আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানার এইচআর অ্যাডমিন কর্মকর্তা রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আয়োজিত অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রাসেল প্রামাণিক, জান্নাতুল ফেরদৌসী আঁখি, এমদাদুল ইসলাম এমাদ, রতন হোসেন মোতালেব, আলী আকবর খান রমজান, নজরুল ইসলাম, দীপা আক্তারসহ ছাটাইকৃত ভুক্তভোগী শ্রমিকরা।
জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক কাউসার হোসাইন বলেন, শ্রমিকরা তাদের দাবি আদায়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছে। তবে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতি এবং নজরদারি রয়েছে।
রকেট উৎক্ষেপণে নতুন নিয়ন্ত্রণ পদ্ধতি উ. কোরিয়ার
গানে নয়, এবার অভিনয়েও পারশা মাহজাবীন