‘ফ্ল্যাটে বসবাসকারী প্রত্যেকের ছাদের অধিকার সমান’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম

কলকাতা মিউনিসিপাল করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘‌আবাসনে বসবাসকারী প্রত্যেকেরই ছাদের অধিকার সমান।’ সম্প্রতি‌ উত্তর কলকাতার এক বাসিন্দা এ বিষয়ে তাকে ফোন করেন। অভিযোগ করেন, ক্রয় চুক্তিতে ছাদের ওপর তার অধিকার আছে। সব শুনে ফিরহাদ ওই ব্যক্তিকে থানায় অভিযোগ করতে বলেন এবং ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

কলকাতা মিউনিসিপাল করপোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্ল্যাটের কর ছাড়াও যাদের কাছে ছাদের একাংশের নিজস্ব মালিকানা আছে তারা অতিরিক্ত কর দিয়েছেন। তবে এটা তখনই হয়েছে, যখন দলিলে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ওই আবাসনের ছাদ বা ছাদের একটি অংশের মালিকানা আছে। দলিল একটি সরকারি নথি এবং রাজ্য সরকারের অর্থ বিভাগের একটি শাখা সেটি জারি করে।

কলকাতার এক বাসিন্দা ২০০৭ সালে কসবায় একটি ফ্ল্যাট কিনেছিলেন। তার দলিলে ছাদের একচেটিয়া অধিকারের কথা উল্লেখ করা ছিল এবং কলকাতা মিউনিসিপাল করপোরেশনের ভবনের অন্য বাসিন্দাদের চেয়ে তার কাছ থেকে অতিরিক্ত করও আদায় করে। কারণ ছাদের দক্ষিণের অংশটি তার ব্যক্তিগত মালিকানায় ছিল।

কিন্তু ২০০৯ সালের আইন বলছে, যে কোনো ভবনের সর্বোচ্চ তলায় প্রতিটি ছাদে একটি সাধারণ প্রবেশাধিকার থাকবে এবং তার কোনো  উপবিভাগ করা হবে না। এ বিষয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিচার বিভাগীয় ঘোষণা এসেছে, যেখানে বলা হয়েছে বহু-মালিকানার অ্যাপার্টমেন্টে ছাদ একটি সাধারণ অধিকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত