৩০ বছরের দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে শান্তি আলোচনার মধ্যেই ফের সংঘাতে জড়িয়েছে এশিয়া ও ইউরোপের মধ্য অবস্থিত দুইটি দেশ আর্মেনিয়া ও আজারবাইজান।
আজারবাইজান বাহিনীর হামলায় দুই সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে আর্মেনিয়া। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, ‘দক্ষিণাঞ্চলীয় নেরকিন হ্যান্ড গ্রামের কাছে আজারবাইজানের সশস্ত্র বাহিনী একটি যুদ্ধ চৌকিতে হামলা চালালে দুই আর্মেনিয়ান সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।‘
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আর্মেনীয় বাহিনী সীমান্তের উত্তর-পশ্চিমাঞ্চলে বাকুর অবস্থানে গুলি চালিয়েছে। এছাড়া আজারবাইজানের সীমান্ত পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, আর্মেনিয়া আগেরদিন আজারবাইজানে হামলা চালানোর কারণে তারা একটি "প্রতিশোধমূলক অভিযান" পরিচালনা করেছে।
তবে আজারবাইজানের এসব দাবি অস্বীকার করেছে আর্মেনিয়া।
আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দুটি স্বাধীন দেশে পরিণত হয়।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজান বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।
তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে, আজারবাইজান আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে একটি অভিযানের মাধ্যমে বিতর্কিত অঞ্চলটি পুনরুদ্ধার করে। সে সময় ওই অঞ্চল থেকে সমস্ত আর্মেনিয়ান নাগরিকদের বের করে দেয় আজারবাইজান সরকার।
তবে গত বছর থেকেই দুই দেশই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, সম্প্রতি উভয় দেশ একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা নাশকতার অভিযোগে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে।
নেতানিয়াহুকে গাধা বললেন বাইডেন