বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড পিংক ফ্লয়েডের বেজ গিটারিস্ট ও অন্যতম ভোকাল রজার ওয়াটার্স পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবি করেছেন।
১৪ ঘণ্টা পূর্বে দেওয়া এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এ দাবি করেন। ওয়াটার্স বলেন, 'আমি একজন ইংরেজ সংগীতশিল্পী এবং আমি ন্যায় প্রতিষ্ঠার ধারণাকে সর্বান্তকরণে সমর্থন করি। আপনারা পাকিস্তানে যা করছেন, তা ক্রিকেট নয়।'
তিনি 'পাকিস্তানের সামরিক শাসক ও তাদের ওয়াশিংটনের প্রভুদের' উদ্দেশে এ বার্তা দেন।
তিনি লেখেন, 'মিথ্যা অভিযোগে কারাগারে থাকা ইমরান খানকে শিগগির মুক্তি দেওয়া উচিত, যাতে তিনি তার দল পিটিআইকে একটি নতুন, স্বচ্ছ ও মুক্ত নির্বাচনে নেতৃত্ব দিতে পারেন এবং পাকিস্তান একটি সঠিকভাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার পেতে পারে। সেটাই হবে দেশটির জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন।
রজার ওয়াটার্স তার বার্তার সঙ্গে একটি ভিডিও যোগ করেছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানে নির্বাচন ও ভোটগ্রহণ শেষ হয়েছে। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবচেয়ে বেশি আসন পেয়েছে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
