'হালান্ডের বয়সে মেসি-রোনালদোও এত গোল করতে পারেনি'

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লিগে আজ ম্যানচেস্টার সিটি খেলবে কোপেনহেগেনের মাঠে। ফর্ম ও দলের শক্তি বিবেচনায় এই ম্যাচে সিটিকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা। সিটির কোচ পেপ গার্দিওলার জন্য স্বস্তির খবর, হালান্ড-ডি ব্রুইনে সুস্থ আছেন।

হালান্ড চ্যাম্পিয়নস লিগে ৩৫ ম্যাচে করেছেন ৪০ গোল। হালান্ডের বিষয়ে গার্দিওলা বলেন, 'এই বয়সে তার গোল সংখ্যা দেখুন। চ্যাম্পিয়নস লিগে এমনকি মেসি (লিও) বা ক্রিশ্চিয়ানোর (রোনালদো) এই বয়সে এমন গোলের সংখ্যা ছিল না।' চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে দ্রুততম সময়ে ৪০ গোল করা খেলোয়াড়ও হালান্ড।

পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যায় গার্দিওলা ঠিক কথাই বলছেন। শুধু চ্যাম্পিয়নস লিগ নয় ক্যারিয়ারে ২৩ বছর বয়সে মেসি রোনালদোর চেয়ে বেশি গোলই করেছেন হালান্ড। ২৩ বছর বয়সে মেসির গোল ছিল ১৪০টি, রোনালদোর ১০২টি। হালান্ডের গোল সংখ্যা ২৬‌১ ম্যাচে ২০৮টি।

হালান্ডকে গোলের জন্য কখনোই চাপ দেন না গার্দিওলা। বলেন, 'আমরা তাকে কখনোই চাপে ফেলি না। বলি না তোমাকে আমাদের জন্য স্কোর করতেই হবে। শুধু বলি, আমাদের যেটা করতে হবে সেটার সঙ্গে থাকো। বাকিটা সাভাবিকভাবেই হয়।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত