যাত্রীবেশে সর্বস্ব ছিনতাই করে ‘মামা পার্টি’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রী সেজে চেতনানাশক ওষুধ ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনায় মামা পার্টির মূলহোতাসহ অজ্ঞান পার্টি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন, শাহীন রানা (৪৯), মফিজুল ইসলাম ওরফে ইসলাম মিয়া (৪৮), সাগর ওরফে হাবিব (৫১), ফারুক আহমদ (৩৪) ও আবুল কালাম (৫৩)। 

র‌্যাব বলেছে, ভাড়া করা গাড়ি নিয়ে যাত্রী সেজে পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত রুটে যাত্রীদের উঠিয়ে নিতেন। এরপর নির্জন স্থানে গাড়ি থামিয়ে অস্ত্র ও চেতনানাশক ওষুধ ব্যবহার করে যাত্রীদের কাছে থাকে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেন। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন। 

তিনি বলেন, মামা পার্টি খ্যাত একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুরসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় প্রাইভেটকার/মাইক্রো ভাড়া করে যাত্রী সেজে চেতনানাশক ওষুধ ব্যবহার করে ছিনতাইসহ সাধারণ মানুষের সর্বস্ব লুট করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে র‌্যাব-১০ অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকা থেকে মামা পার্টি খ্যাত ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৫ জনক গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার শাহিন রানা চক্রটির মূল পরিকল্পনাকারী এবং তার নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাড়া করে যাত্রী সেজে চেতনানাশক ওষুধ ব্যবহার করে ছিনতাই করে আসছিল। তাদের পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে তারা ছিনতাইয়ের জন্য উপযুক্ত ও নির্জন রুট সিলেক্ট করতো। এক্ষেত্রে তারা রাত ৩টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় এবং নির্জন রুটকে বেছে নিতো। চক্রের অন্যতম সদস্য মফিজুল ভাড়া করা গাড়ি চালাতেন। শাহিন যাত্রী সেজে মফিজুলের পাশে বসে থাকতো। অন্যানরা তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী নির্বাচিত রুটের ১-২ কিলোমিটার পরপর যাত্রী বেশে অবস্থান করতো। সবাই একত্রিত হওয়ার পর যাত্রীদের কখনও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মারধর করে আবার কখনও চেতনানাশক ওষুধ ব্যবহার করে অচেতন করে যাত্রীদের কাছে থাকা সবকিছু লুট করে তাদের সুবিধামতো যেকোনো নির্জন জায়গায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যেত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত