ভ্যানে নেওয়া হচ্ছিল সরকারি বিনা মূল্যের পাঠ্যবই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভ্যান করে সরকারি বিনা মূল্যের পাঠ্যবই নিয়ে যাওয়ার সময় আটকে দিয়েছে স্থানীয়রা। তাদের দাবি, মাধ্যমিক স্তরের সরকারি বইগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। 

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম। গতকাল শক্রবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চৌরাস্তা মোড়ে বইগুলো নিয়ে যাওয়ার সময় আটক করে স্থানীয়রা। বইগুলো একই উপজেলার চণ্ডীপুর ফজলুল হক স্কুল অ্যান্ড কলেজের ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক শাখার বিভিন্ন শ্রেণির বই। পরে বইগুলো ওই শিক্ষা প্রতিষ্ঠানের একটি কক্ষে সিলগালা করে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধার একটু আগে প্লাস্টিকের বস্তায় ভরে ভ্যানে বইগুলো নেওয়া হচ্ছিল। পরে স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটি থামিয়ে দেয়। ভ্যানে থাকা বস্তাগুলো খুলে সরকারি বই পাওয়া যায়। এ সময় ভ্যানচালককে জিজ্ঞাসা করলে তিনি বলেন, চণ্ডীপুর ফজলুল হক স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ মিয়া ভ্যান ভাড়া করছেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

চণ্ডীপুর ফজলুল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহিম মিয়াকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল জানান, 'সরকারি নতুন বই বিক্রি করার কোনো সুযোগ নেই। গতকাল জব্দ করা বইগুলো পুরাতন। সেগুলো কমিটির অনুমতি ছাড়াই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ওই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত