সিরাজগঞ্জে এক আদিবাসী গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে তাড়াশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তাড়াশ থানার অফিসার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে এক আদেশে সিরাজগঞ্জ পুলিশ সুপার ওই এএসআইকে পুলিশ লাইনে প্রত্যাহারের আদেশ দেন। শনিবার সকালেই সে বর্তমান কর্মস্থল ত্যাগ করে পুলিশ লাইনে সংযুক্ত হন। এছাড়া গৃহবধূর শ্লীলতাহানির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করছেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযুক্ত এএসআই সন্তোষ কুমার মাদক তল্লাশির নামে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যশাইপাড়া গ্রামের এক আদিবাসী গৃহবধূর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে ওই গৃহবধূ অভিযোগ করেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আদিবাসী নারীকে শ্লীলতাহানির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি সিরাজগঞ্জের পুলিশ সুপারের (এসপি) নজরে আসে। এরপর তিনি অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি সরেজমিন তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
