কনকাশন সতর্কতায় ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রয়েছেন মোস্তাফিজ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম

চট্টগ্রামে অনুশীলনের সময়  মাথায় বাজেভাবে আঘাত পান মোস্তাফিজুর রহমান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যানে ধরা পড়ে চোট শুধু মাথার বাইরের অংশে। মোস্তাফিজের মাথায় সেলাই দিতে রাগে পাঁচটি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও জাহিদুল ইসলাম জানান, ‘মোস্তাফিজের অভ্যন্তরীণ কোনো চোট নেই্।’

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় ওই ঘটনা ঘটে। ইম্পেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুস্তাফিজের সবশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। তাতে অবশ্য কিছুটা স্বস্তিই পেতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা। মুস্তাফিজের আঘাত কেবলই বাইরের দিকে। কোনো প্রকার ঝুঁকির মাঝে থাকতে হচ্ছে না তাকে। 

ইম্পেরিয়াল হাসপাতালের পরীক্ষানিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীন কোনো রক্তক্ষণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।’ 

তবে আঘাত যেহেতু মাথায় তাই কনকাশন নিয়ে সতর্ক বিসিবি। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। তবে যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

কাল  দিনের প্রথম ম্যাচেই সিলেটের বিপক্ষে নামবে কুমিল্লা। মোস্তাফিজ এ ম্যাচে খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এ ব্যাপারে দেবাশিষ বলেন, ‘খেলতে না পারার কিছু নেই। পর্যবেক্ষণের পর কনকাশনের ব্যাপারটা আগে পরিস্কার হোক, তারপর আসলে বলা যাবে। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।’

জানা যায়, মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। হঠাৎই বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। প্রচুর রক্তক্ষরণ হয় তার। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, ‘মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত