রূপায়ণ সিটির হাত ধরে ‘আবাসন খাতের ভবিষ্যৎ ও উন্নয়নের পথরেখা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা ক্লাবের লোটাস হল রুমে এ বিষয়ে সেমিনার আয়োজন করে জয় ধারা ও বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি।
এই সভায় বাংলাদেশের আবাসন খাতের বর্তমান অবস্থা, এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং এর উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করে দেশের আবাসন খাতের ব্যবসায়ীরা।
এ সময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, বাংলাদেশের আবাসন খাতকে বিশ্বের বুকে নিয়ে যেতে দরকার সঠিক নেতৃত্ব। এছাড়া সারা পৃথিবীর কাছে আমরা তুলে ধরতে চাই আবাসন খাতের মাধ্যমে পারিবারিক ও মানুষের সম্পর্কের বিকাশ সম্ভব এমন উদাহরণ গড়ে তুলতে চাই।
এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমানে আমরা মহাসংকটে আছি। ল্যান্ড রেজিস্ট্রেশন ম্যানেজমেন্টের কারণে বাৎসরিক ৩০ থেকে ৪০ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। এই টাকা দেশে রাখার জন্য সামনের বাজেটে বড় ধরনের ল্যান্ড রেজিস্ট্রেশনে পরিবর্তন আনা দরকার। রেজিস্ট্রেশন কষ্ট কমিয়ে আমাদের উত্থানের জন্য একটি পথ সৃষ্টি করা দরকার।
এর আগে হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইন্তেখাবুল হামিদ (অপু) বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাংলাদেশের আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন আমার বিশ্বাস দলবদ্ধভাবে কাজ করলে বাস্তবায়ন করা সম্ভব। সরকার যে ধরনের প্রকল্প গ্রহণ করেছে তার সঙ্গে মিলেমিশে ঢাকার আশপাশের জমি সহজ উপায়ে প্রাইভেট সেক্টরের সাথে পিপি করে, তাহলে আবাসন খাতে বিপ্লব ঘটবে এবং এ খাতের চাহিদা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া এ আলোচনায় রিহাব এর সকল সদস্য ও সকল ডেভলপার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে নৈশভোজের আয়োজন করে রূপায়ণ সিটি।
