কানাডার ক্যালগারি শহরের বাসিন্দা টিম চেন। পড়াশোনা করেন দেশটির ভ্যাঙ্কুভার শহরে অবস্থিত ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। সপ্তাহে দুইদিন তাকে ক্লাসে উপস্থিত হতে হয়। সপ্তাহে দুইবারই তিনি বিমানে চড়ে বিশ্ববিদ্যালয়ে যান। আর সেটাও নাকি খরচ বাঁচাতে! শুনতে অবাক মনে হলেও বাসা ভাড়া বাঁচাতেই তিনি সপ্তাহে দুইবার বিমানে চড়ে ক্যালগারি থেকে ভ্যাঙ্কুভারে যান তিনি।
সম্প্রতি তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া রেডিট এ। তিনি বলেন, আমি ইউবিসির (ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়) একজন সুপার কমিউটার এবং আমি ক্যালগারিতে থাকি। সপ্তাহে দুইদিন আমাকে ক্লাসে যেতে হয়। আমি সকালে এয়ার কানাডায় ফ্লাইটে ভ্যাঙ্কুভার যাই এবং রাতে ক্যালগারিতে ফিরে আসি। জানুয়ারিতে এরকম ৭টি রাউন্ড ট্রিপ করেছি আমি।
তিনি আরও লেখেন, আমি দেখলাম এতে আমার অনেক সঞ্চয় হচ্ছে। যেহেতু আমি ক্যালগারিতে আমার বাবা-মায়ের সঙ্গে থাকি তাই আমাকে ভাড়া দিতে হয় না। এটা ভ্যাঙ্কুভারের ১ বেডরুমের ভাড়া ২ হাজার ডলার থেকে অনেক সস্তা।
জানা গেছে, প্রতিবার রাউন্ড ট্রিপের জন্য টিম চেনের খরচ হয় ১৫০ ডলার। সেই হিসেবে মাসে তাকে গুনতে হয় ১ হাজার ২০০ ডলার। অন্যদিকে ভ্যাঙ্কুভারে এক বেডরুমের একটি বাসার ভাড়া ২ হাজার ডলার। ফলে ভ্যাঙ্কুভারে বাসা ভাড়া না নিয়ে তিনি প্রতি মাসে ৮০০ ডলার খরচ বাঁচাতে পারছেন।
তার এমন অভিজ্ঞতার কথা জেনে নানান মন্তব্য করছেন ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এক ঘণ্টার যাতায়াত তেমন খারাপ নয়। কিন্তু এয়ারপোর্টে এত ঘনঘন যাওয়াটা সুখকর নয়। অপর এক ব্যবহারকারী লিখেছেন, আধুনিক সমস্যার জন্য প্রয়োজন আধুনিক সমাধান।
সূত্র: এনডিটিভি।
