জন্ম থেকে লালন-পালন, সেই সিংহের হাতেই প্রাণ গেল চিড়িয়াখানা কর্মীর

  • ওলাবোদে সিংহদের খাবার খাওয়ানোর সময় আক্রমণের শিকার হন
  • মারাত্মকভাবে আহত হওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৪ পিএম

নাইজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানায় সিংহের আক্রমণে এক কর্মী নিহত হয়েছেন। প্রায় এক দশক ধরে ওই চিড়িয়াখানায় কর্মরত ছিলেন তিনি।

সেখানকার সিংহগুলোর জন্মের পর থেকেই তাদের লালন পালন করে বড় করে তুলেছিলেন ওই কর্মী। সোমবার সিংহের আক্রমনেই নিহত হন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ওবাফেমি আওলোওও ইউনিভার্সিটির (ওএইউ) চিড়িয়াখানায় এই ঘটনা ঘটেছে। ওই চিড়িয়াখানার দায়িত্বে ছিলেন ওলাবোদে ওলাউয়ি।

বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে যে, ওলাবোদে সিংহদের খাবার খাওয়ানোর সময় আক্রমণের শিকার হন। মারাত্মকভাবে আহত হওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ছাড়া এ ঘটনার পর থেকে সিংহটিকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ওএইউ বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আবিওদুন ওলারেওয়াজু জানিয়েছেন, ‘ওলাউয়ি একজন ভেটেরিনারি টেকনোলজিস্ট। প্রায় নয় বছর আগে এই চিড়িয়াখানায় জন্ম নেওয়ার পর থেকেই সিংহদের যত্ন নিচ্ছিলেন তিনি’।

ওলারেওয়াজু বলেন, ‘কিন্তু দুঃখজনকভাবে পুরুষ সিংহ সেই লোকটিকে মেরে ফেলেছে, যে তাদের খাওয়াচ্ছিল। আমরা জানি না, কী এমন হয়েছিল, যার কারণে পুরুষ সিংহটি তাকে আক্রমণ করল।

এ ঘটনায় শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং একটি প্রতিনিধিদল ওলাউইয়ের পরিবারের কাছে সমবেদনা জানাতে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত