রাশিয়াকে অন্তত ৪০০ শক্তিশালী সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। এসব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ দুটি নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অস্ত্র পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্তত ছয়টি সূত্রের বরাতে বুধবার (২১ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইরানের তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ইরানের পাঠানো ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ফাতেহ-১১০ গোত্রের ‘জুলফেকার’ নামের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি ৩০০-৭০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ইরানের একটি সূত্র জানায়, গত বছরের শেষদিকে তেহরান ও মস্কোয় দুই দেশের সামরিক বাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে অস্ত্রচুক্তি হয়। চুক্তি অনুযায়ী গেল জানুয়ারির শুরুতে ক্ষেপণাস্ত্র চালানটি পাঠায় ইরান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরানী সামরিক কর্মকর্তা বলেন যে, রাশিয়াতে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র চালান পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহগুলোতে আরও পাঠানো হবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি।
ইরানের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কিছু ক্ষেপণাস্ত্র কাস্পিয়ান সাগরের মাধ্যমে জাহাজে করে রাশিয়ায় পাঠানো হয়েছিল, অন্যগুলো বিমানে করে পাঠানো হয়েছিল।
তবে এই অস্ত্র প্রদানের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুত প্রকল্পটি তদারক করে দেশটির সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি।
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত
রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র