এবার নোয়াখালীতে খতনায় ভুল, চিকিৎসককে বদলি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক শিশুকে খতনা করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে বদলির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গতকাল বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশুকে সুন্নতে খতনা করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দেকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের এর নির্দেশে কক্সবাজারের সেন্ট মার্টিনে বদলির আদেশ দেওয়া হয়। বর্তমানে শিশুটি ভালো আছে বলেও জানান তিনি। 

শিশুটির বাবা আলমগীর হোসেন বাদল জানান, আমার ছেলে এখন ভালো আছে। হাসপাতালের চিকিৎসক, নার্স সবাই এখন তার দেখভাল করছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। 

প্রসঙ্গত, আল নাহিয়ান তাজবীব (৭) নামের এক শিশুকে তার পিতা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সুন্নতে খতনা করতে  নিয়ে যান। এ সময় কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা বিজয় কুমার দে ও চিকিৎসক সহকারী সৌরভ ভৌমিকের তত্ত্বাবধানে সুন্নতে খতনা করানোর সময় শিশুটির গোপনাঙ্গের চামড়া বেশি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তপাত শুরু হয় তাজবীবের। পরে শিশুর চিৎকার শুনে তার বাবা দেখেন রক্তপাতে কেবিনের বিছানা ভিজে গেছে। ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম দ্রুত জরুরী বিভাগে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত