যারা পণ্য মজুত করে দাম বাড়ায় তাদের গণধোলাই দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখে হাসিনা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী তার সফরের অভিজ্ঞতা তুলে ধরে লিখিত বক্তব্য দেন। তার সঙ্গে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাক্ষাতের কথা তুলে ধরেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকানোর পরিকল্পিত চক্রান্ত ছিল। নির্বাচন ঠেকাতে না পেরে দ্রব্যমূল্য বাড়ানোর চক্রান্ত করে সরকারকে বিপদে ফেলতে চাওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৫ বছর আগে ভাতের হাহাকার ছিল। ভিক্ষুকরা তখন ভাতের ফেন চাইতো। এখন তা নেই।
শেখ হাসিনা বলেন, ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো হয়েছে। যারা সরকার উৎখাতের জন্য আন্দোলনকারী তাদের হাত রয়েছে এগুলোর পেছনে। এর আগে পেঁয়াজের খুব অভাব। পরে দেখা গেলো বস্তা বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে দেয়া হচ্ছে। এদেরকে ধরে গণধোলাই দেয়া উচিত। সরকার এমন করলে মানুষ বলবে সরকার করছে এগুলো, এর থেকে ভালো জনগণ যদি এগুলোর প্রতিকার করে তাহলে কেউ কিছু বলতে পারবে না।
প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেন। মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
