টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীতের পরিকল্পনা

তিনি বলেন, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে। বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সক্ষমতা বাড়ানো, সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং ভোক্তাদের কাছে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুদামজাতকরণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নিজস্ব গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়সল আজাদ বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে। বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে টিসিবির নিজস্ব গুদামের সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় কাজ শুরু করার কথা রয়েছে।

ফয়সল আজাদ বলেন, ‘আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার বিষয়টি আমরা পরিকল্পনা করছি। বাফার স্টক (অতিরিক্ত পণ্য রাখার ব্যবস্থা) বাড়ানোর লক্ষ্যে আমরা সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছি।’

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাজারে চাহিদার আকস্মিক পরিবর্তন, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন দেখা দিলে তা মোকাবিলায় পর্যাপ্ত মজুত নিশ্চিত করা। একই সঙ্গে বেশি পরিমাণে পণ্য সংগ্রহ ও প্রয়োজন অনুযায়ী বিতরণের ক্ষেত্রে টিসিবির সক্ষমতা বাড়বে বলে মনে করেন তিনি।

বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ করে আসছে টিসিবি। এ কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচির ওপর ভিত্তি করে গুদামের চাহিদা নির্ধারিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত