‘আপনার পাও ধইড়্যা কইতাছি আমারে মাফ কইড়্যা দেন’ 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম

'চাচা আমি গরীব মানুষ। আমি আর টাকা দিতাম পারতাম না, আপনার দুইডা পাও ধইড়্যা কইতাছি আমারে মাফ কইড়্যা দেন।’ আসলসহ সুদের টাকা পরিশোধ করার পরও সুদের কারবারি মো. নুরু মিয়ার চাপিয়ে দেওয়া অতিরিক্ত টাকা দিতে না পেরে ১৫ দিন আগে তাকে বাড়িতে ডেকে এনে এভাবেই কাকুতি-মিনতি করেছেন দিনমজুর আব্দুস সাত্তার (৪০)।

এ ঘটনার পর বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে দিনমজুর সাত্তার বাজারে চা খেতে গেলে নূরু মিয়া তার সুদের কারবারি পরিচালনা করার চেম্বারে সাত্তারকে ডেকে পাঠান। সেখানে তার ছেলে আনিস মিয়াকে সাথে নিয়ে সাত্তারকে অবরুদ্ধ করে বাঁশের লাঠি দিয়ে পেটান।

এ সময় সাত্তারের চিৎকার শুনে বাজারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নূরু মিয়ার ছেলে মো. আনিস মিয়া আটক করে কিন্তু পালিয়ে যান নূরু মিয়া।  

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার রাতেই আব্দুস সাত্তারের স্ত্রী পারভীন আক্তার বাদি হয়ে নূরু মিয়াকে প্রধান আসামি করে তিন জনের নামে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। নুরু ওই ইউনিয়নের সুটিয়া বাশাটি গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে সুদের কারবারি নূরুর কাছ থেকে দিনমজুর সাত্তার সংসারের কাজের জন্য সুদ হিসেবে ৯০,০০০ (নব্বই হাজার) টাকা নেন। নব্বই হাজারে সুদ হিসেবে দৈনিক ৯০০ টাকা লাভ নিতেন নূরু। এভাবে আসল নব্বই হাজার ও সুদে হিসেবে ১ লাখ ৬২ হাজার টাকাসহ সর্বমোট ২ লাখ ৫২ হাজার টাকা আদায় করেন নূরু। তারপরও সাত্তারের কাছে আরও সুদের টাকা দাবি করলে সাত্তার ক্ষমা চান।

ভুক্তভোগী আব্দুস সাত্তার বলেন, ‘আমি গরীব মানুষ। দিন আইন্যা দিন খাই। অভাবের তাগিদে সুদে টাকা আইন্যা লাভসহ পরিশোধ করার পরও আমাকে আরও টাকা দিতে বলে। কিন্তু আমার সামর্থ্য না থাকায় আমি চাচার পাও ধরে মাফ চাইলেও ক্ষমা করেনি। আমাকে বাঁশের লাডি দিয়া বাইড়াইয়্যা (পিটিয়ে) ও এলোপাতাড়ি কিল-ঘুষি মাইরা আমাকে শেষ করে দিছে। আমি এর সঠিক বিচার চাই।’

এ বিষয়ে সুদের কারবারি মো. নূরু মিয়ার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক সুদের কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত