ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ে: বাবাকে জরিমানা,কাজীর নিবন্ধন বাতিল!

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ বছর বয়সী কিশোরীর বাল্যবিয়ের ঘটনায় তার বাবা কদ্দুছ মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে বিয়েটি নিবন্ধন করেন কাজী ওবায়দুল্লাহ।

খবর পেয়ে সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। একই সঙ্গে ওই কিশোরীকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে স্বামীর বাড়িতে পাঠাতে নিষেধ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজহুরা ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল।

কদ্দুছ মিয়ার বাড়ি উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে। আজ দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ আইনে কদ্দুছ মিয়াকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ওই অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল রাতে কিশোরীর বিয়ে নিবন্ধন করা হলেও ঘটনাস্থলে কাজী ওবায়দুল্লাহকে পাওয়া যায়নি। তাঁকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গেছে, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে মেয়েদের ন্যূনতম বয়স ১৮ বছর। এর কম বয়সে বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। এ ধরনের বিয়ে প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ১৫ বছরের একজন কিশোরীর বিয়ে আইনত বাল্যবিয়ে। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। খবর পাওয়ার পরপরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরীর বাবাকে জরিমানা করা হয়েছে। মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে স্বামীর বাড়িতে পাঠানো যাবে না। বিয়েটি নিবন্ধনকারী কাজী ওবায়দুল্লাহকে খুঁজে বের করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর নিবন্ধন বাতিলের বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান তিনি




সর্বশেষ সর্বাধিক পঠিত