রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর নতুন করে আরও পাঁচশরও বেশি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রাশিয়ায় কারাবন্দী অবস্থায় মারা যাওয়া বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বন্দী করা কর্মকর্তারা এবং দেশটির যুদ্ধ পরিচালনায় যুক্ত কর্মকর্তারাও রয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।
এছাড়া আলাদাভাবে একশরও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এসব প্রতিষ্ঠান রাশিয়াকে যুদ্ধে সহায়তা করছে। এছাড়া জ্বালানি বিক্রি করে যেন রাশিয়া বেশি অর্থ লাভ করতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করার হুমকি দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এসব নিষেধাজ্ঞা বিদেশে আগ্রাসন এবং দেশের ভেতরে নিপীড়ন চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর মূল্য দেওয়াটা নিশ্চিত করবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। শুক্রবার রাশিয়ার প্রায় ২০০ প্রতিষ্ঠান এবং ব্যক্তির ওপর ১৩তম নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সংগ্রহে সহায়তা এবং ইউক্রেনীয় শিশুদের অপহরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
যদিও এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা ইউরোপীয় ইউনিয়নের একদল কর্মকর্তার ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইইউ এ পর্যন্ত দুই হাজারেরও বেশি রুশ ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিয়েছে।
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দী অবস্থায় নাভালনির মৃত্যুর এক সপ্তাহের মাথায় এসব নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ও ইইউ।
ইউক্রেন যুদ্ধের দুই বছরে যেভাবে বদলেছে রাশিয়া
ইউক্রেনকে আরও ৮৮ কোটি ডলার দিচ্ছে আইএমএফ