আসামে মুসলিম বিয়ে ও তালাক আইন বাতিল

  • এখন থেক মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদের নিবন্ধীকরণ জেলা প্রশাসক এবং জেলা রেজিস্ট্রার দ্বারা করা হবে জানিয়েছেন আসামের পর্যটনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ পিএম

১৯৩৫ সালে প্রণীত প্রায় ৯০ বছরের পুরোনো মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের আসাম সরকার। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের মাধ্যমে এ আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটি।

এ আইন বাতিলের সিদ্ধান্তে শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এই আইন বাতিলকে আসামে বাল্যবিবাহ নিষিদ্ধ করার জন্য একটি বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছে মন্ত্রীসভার বৈঠকে।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর শুক্রবার আসামের পর্যটনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে আসাম। আর ১৯৩৫ সালের মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন আইন বাতিল করে দিয়ে সেই লক্ষ্যপূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হল।’

তিনি বলেন, ‘এ সিদ্ধান্তের ফলে এখন থেকে আসামে মুসলিমদের বিয়ে এবং ডিভোর্সের বিষয়টি এ আইনের মাধ্যমে নথিভুক্ত করা যাবে না। আসামের স্পেশাল ম্যারেজ আইনের আওতায় সব বিয়ে নথিভুক্ত হবে।’

মন্ত্রী আরও বলেন, এখন থেক মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদের নিবন্ধীকরণ জেলা প্রশাসক এবং জেলা রেজিস্ট্রার দ্বারা করা হবে।

তবে যারা এই বিবাহবিচ্ছেদ রেজিস্ট্রেশন আইনের অধীনে কাজ করছিলেন, তাদের অপসারণ করা হবে এবং এর পরিবর্তে তাদের প্রত্যেককে এককালীন দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান পর্যটনমন্ত্রী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত